প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২০:৭

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক রোগী ও চিকিৎসকের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন রোগীর স্বজন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা যায়, রোববার দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর বয়সী ছেলে রুজায়াইনকে নিয়ে জরুরি বিভাগে যান। পরিবারের দাবি, বিড়ালের আঁচড়ে আহত শিশুর প্রয়োজনীয় চিকিৎসার জন্য তারা হাসপাতালে গিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম দিয়ে ‘ভাই’ সম্বোধন করে শিশুর চিকিৎসার বিষয়টি জানান তানভীর হাসান। সে সময় হাসপাতালে বিড়ালের আঁচড় বা কামড়ের টিকা না থাকায় বিকেলে আসতে বলা হয় বলে দাবি করেন তিনি।
পরবর্তীতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে মোবাইল নম্বর চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেন রোগীর স্বজন। তার দাবি, সম্বোধনের বিষয়টি নিয়ে চিকিৎসক আপত্তি জানিয়ে একপর্যায়ে তাদের চিকিৎসা না দিয়ে চলে যেতে বলেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়, যার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তানভীর হাসান বলেন, অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসাসেবা নিতে গিয়েও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। তিনি দাবি করেন, সম্মান রেখেই কথা বললেও একটি সম্বোধনকে কেন্দ্র করে পুরো পরিস্থিতির অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত চিকিৎসা ছাড়াই হাসপাতাল থেকে ফিরতে হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রস্তুত হওয়া পর্যন্ত তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, বিষয়টি মূলত ভুল বোঝাবুঝির ফল। তার ভাষ্য, রোগীর সঙ্গে যোগাযোগের জন্য হাসপাতালের অফিসিয়াল নম্বর দেওয়া যেত এবং ভিডিওতেও সম্বোধন নিয়ে আপত্তির বিষয়টি স্পষ্টভাবে শোনা যায় না। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।