প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৪১

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, গতবারের তুলনায় এবার এইচএসসিতে পাসের হার কমেছে। পাসের হার প্রায় ৫২ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এবারের পরীক্ষায় প্রায় তিন লাখ শিক্ষার্থী একটি বিষয়ে এবং প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে জন্য অল্প সময়ের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগকেও স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন গুঞ্জনকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি।
তবে শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার উদ্যোগ নিলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্ট অবস্থানও সংকটে পড়বে বলে দাবি করেন সারজিস আলম। তাঁর মতে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে।

সারজিস বলেন, জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন বিভিন্ন রাজনৈতিক তৎপরতা দেখা গিয়েছিল। তবে সর্বশেষ নির্বাচনের মধ্য দিয়ে দলটির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনাকে ঘিরে দেশের মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বললেই সেই ক্ষোভের মাত্রা বোঝা যায়। দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হলে পরিস্থিতি কী হতে পারে, সে বিষয়ে সতর্কতামূলক মন্তব্যও করেন এনসিপির এই নেতা।