প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৩৪

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে আসামি দীপকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার ও তদন্ত আবেদনের তথ্য অনুযায়ী, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপ তাঁকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান বলে তদন্ত আবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে সাউরির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুরতহাল করার সময় তাঁর ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিহত সাউরিকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দেন।

তদন্ত আবেদনে আরও দাবি করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।