
প্রকাশ: ৩ মে ২০২৬, ১৯:৩৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার পপিকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। একই সঙ্গে অভিযুক্ত শরিফ সরদারের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয়েছে।
রবিবার (৩ মে) বিকেল ৩টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইমাম। এ সময় বিভিন্ন উপজেলার শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত নেতা শরিফ সরদার প্রধান শিক্ষককে হুমকি ও অশালীন আচরণ করেছেন।
শিক্ষক নেতাদের দাবি, মাতৃত্বকালীন ভাতার একটি নথিতে স্বাক্ষর না দেওয়াকে কেন্দ্র করে ওই শিক্ষককে গালাগাল ও হুমকি দেওয়া হয় এবং বিদ্যালয়ের ভেতরে আটকে রাখা হয়।
ঘটনাটি ২৮ এপ্রিল ঘটে বলে জানা যায় এবং পরবর্তীতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মানববন্ধনে আরও বলা হয়, এ ধরনের ঘটনার ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

এর আগে ১ মে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হলেও অজ্ঞাত চাপের কারণে তা বাস্তবায়ন করা যায়নি বলে জানান শিক্ষক নেতারা।
অন্যদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি তাদের কোনো সক্রিয় নেতা নন এবং তিনি সংগঠনের নাম ব্যবহার করছেন।
তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন প্রধান শিক্ষকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
শিক্ষক সমিতি ও স্থানীয় নেতারা একযোগে দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে অভিযুক্ত শরিফ সরদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।