
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৭

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহের সৃষ্টি হয়।
আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, নাত ও নাশিদ পরিবেশনের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
মাহফিলে বক্তারা আল্লামা দুবাগী (রহ.)-এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি যুক্তরাজ্যে ইসলামী শিক্ষা, দাওয়াতি কার্যক্রম এবং নৈতিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রবাসী মুসলিম সমাজের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ রক্ষায় তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আলোচকরা আরও বলেন, আল্লামা দুবাগী (রহ.) ছিলেন একাধারে প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, দক্ষ শিক্ষক, লেখক ও সংগঠক। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলো আজও ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা তাঁর সাংগঠনিক দক্ষতারও ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ইউকে আঞ্জুমানে আল-ইসলাহ, লন্ডন দারুল হাদীস লতিফিয়া এবং বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি যুক্তরাজ্যে আলেম সমাজকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে ঐক্য, সহমর্মিতা ও দ্বীনি চেতনার বিকাশ ঘটেছিল।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, আল্লামা দুবাগী (রহ.) হাজারো শিক্ষার্থী গড়ে তুলেছেন, যারা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম প্রচার ও শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন। তাঁর পাঠদান পদ্ধতি ছিল গবেষণাভিত্তিক, দলিলসমৃদ্ধ ও সহজবোধ্য। ফলে শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞান নয়, বাস্তব জীবনেও ইসলামের সঠিক দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পেতেন।
মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের খতিব, ইসলামী ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আল্লামা দুবাগী (রহ.)-এর অসংখ্য ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। বক্তারা তাঁর রচিত গ্রন্থ, ফতোয়া, দাওয়াতি কার্যক্রম ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
শেষে আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, কল্যাণ এবং বিশ্বব্যাপী মানবতার জন্য দোয়া করা হয়। মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।