মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রকল্পটির আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি বন্দরের প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন করা হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের পণ্য ওঠানামার সক্ষমতা বৃদ্ধি এবং বন্দরসেবার আধুনিকায়ন করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে একদিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।
মোংলায় পৌঁছে তিনি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর হিসেবে মোংলার সক্ষমতা ও বন্দরসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে।