
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নতুন অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ, নিয়োগ-পদায়ন বাণিজ্য, টেন্ডার কমিশন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথকভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নতুন অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদকের এই কর্মকর্তা জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এরই মধ্যে একটি অনুসন্ধান চলমান রয়েছে। নতুন অভিযোগগুলোর অনুসন্ধানও আগের অনুসন্ধানের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হবে।
নতুন অভিযোগের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন নিয়োগে অনিয়ম ও ঘুষ লেনদেনের বিষয়টি রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদায়নে বাণিজ্য এবং বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, আসিফ মাহমুদ অবৈধ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার ও বিনিয়োগ করেছেন। এ ক্ষেত্রে তার দুই বোনের জামাই ও এক ভাগ্নের মাধ্যমে অর্থ বিদেশে স্থানান্তরের অভিযোগ করা হয়েছে।

দুদক সূত্রের বরাতে জানা যায়, নতুন অভিযোগে পাঁচটি দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচার ও বিনিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়নি।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক।

নতুন অভিযোগগুলো আগের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে যাচাই করা হবে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা, অর্থের উৎস, লেনদেনের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।