প্রকাশ: ১৪ জুন ২০২৬, ২০:১৯

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতারের পর নতুন কিছু তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তার কাছে বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি অন্য একটি দেশের পাসপোর্টও পাওয়া গেছে।
দুবাইভিত্তিক একাধিক সূত্রের দাবি, বেনজীর আহমেদের কাছে পর্তুগালের পাসপোর্ট রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে বসবাসের অনুমতিপত্রও তার কাছে ছিল বলে জানা গেছে।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান শুরু হয়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।
সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আসেন বেনজীর আহমেদ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার সকালে বিভিন্ন গণমাধ্যমে তার গ্রেফতারের খবর প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, দুবাই ইন্টারপোলের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে পাঠানো এক চিঠিতে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে। ওই চিঠি গত ১২ জুন বাংলাদেশে পৌঁছায় বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, ইন্টারপোলের জারি করা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই দুবাই পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে তাকে নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে।