রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক সেবীরা এখন নিয়ন্ত্রণের বাইরে। তাদের কোন হিতাহিত জ্ঞান নেই। যেকোনো সময় যে কারো উপর আক্রমণ করে বসে। গত দুই থেকে তিন দিন আগে আমার ওপর আক্রমণ করা হয়েছে। আমি আমি দুই-তিন দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে আনসারদের ডিউটি তদারকি করতে গিয়েছিলাম। হঠাৎ একজন মাদকসেবী এসে আমাকে আমাকে আবোলতাবোল কথা বলে আমার উপর আক্রমণ চালায়, আমাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় আমি গোয়ালন্দ থানাকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে সেই মাদক সেবীর পিতা-মাতা এসে মাপ চেয়ে তার ছেলেকে নিয়ে যায়। তার বাবা মা তখন বলে, আমার ছেলে নেশাগ্রস্ত ওর মাথা ঠিক নেই, এই ছেলে আমাদের শেষ করে দিয়েছে। তিনি আরও বলেন, এ উপজেলায় মাদকের সাথে যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো খারাপের দিকে যাবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলায় মাদকের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ভয়াবহতা থেকে উত্তরণের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মানব পাচার প্রতিরোধ, অবৈধ ড্রেজিং বন্ধ, বালু ও মাটি কাটা নিয়ন্ত্রণ, স্কুলে কলেজের শিক্ষার মান আরো বেগবান করা লক্ষ্য কার্যকরী পদক্ষেপ এবং মহাসড়কে মাটি পরিবহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. সফিকুল ইসলাম, রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান গণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।