কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত হেলাল মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
নিহত নূর ইসলাম (৪৭) ওই গ্রামের মৃত ওহাব মণ্ডলের ছেলে। আটক হেলাল মণ্ডল (৪৩) তার ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় হেলাল মণ্ডল ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নূর ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত নূর ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হেলাল মণ্ডলকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।