
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে এডিপির বিশেষ বরাদ্দের অর্থায়নে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, সাউন্ড সিস্টেম এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি সরকারি কলেজ, ১টি টেকনিক্যাল স্কুল, ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি মাদ্রাসায় সাউন্ড সিস্টেম, ক্রীড়া সামগ্রীসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। প্রয়োজন অনুযায়ী হারমোনিয়ামের পরিবর্তে সাউন্ড সিস্টেম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সবুজায়নে উৎসাহিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সীমিত বরাদ্দের মধ্যেও শিক্ষাখাতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের প্রসার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।