প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৯:৪৭

ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে চিকিৎসা শেষে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে জেলার চারটি সরকারি হাসপাতালে মোট ৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালেই সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৬ জন ঝালকাঠি সদর হাসপাতালে এবং ৩ জন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে ভর্তি হননি।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত জেলায় মোট ৮৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৭৭৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলার সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বর, শরীর ব্যথা বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করানো উচিত। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।