মাদারীপুর সদর উপজেলায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিহতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী সন্তান। স্থানীয়রা জানান, গভীর রাতে ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক টিমও কাজ করছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে।