ত্যাগী ও দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের বরিশাল মহানগর ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সদর রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, নতুন মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে প্রকৃত ত্যাগী ও আন্দোলনে সক্রিয় কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে।
এর আগে নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে এসে শেষ হয়। পরে টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এ সময় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা বলেন, বিবাহিত ও অছাত্রদের নিয়ে কোনোভাবেই মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা যাবে না। সংগঠনের আদর্শ ও আন্দোলনের ইতিহাস বিবেচনায় ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
তাদের দাবি, সুবিধাবাদী ও অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হলে তা সংগঠনের জন্য ক্ষতিকর হবে এবং মাঠপর্যায়ের কর্মীরা তা মেনে নেবেন না। আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করার আহ্বান জানান তারা।
নেতাকর্মীরা সতর্ক করে বলেন, দাবি উপেক্ষা করে কোনো বিতর্কিত কমিটি ঘোষণা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।