ঝালকাঠির কিফাইতনগর এলাকায় শনিবার দুপুরে গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে প্রায় পাঁচ দিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে সে তার ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুককে সঙ্গে নিয়ে বাড়ির পাশের গাবখান নদীতে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার জানত না এবং একপর্যায়ে নদীর স্রোতে পড়ে ডুবে যেতে থাকে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইনুচ জানান, আলিফকে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন এবং খোঁজার চেষ্টা করেন, কিন্তু তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে স্থানীয় লোকজনও নানা উপায়ে অনুসন্ধান চালান, কিন্তু কোনো সন্ধান পাননি।
ঝালকাঠি ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। বরিশাল থেকে একটি ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং নিখোঁজ আলিফকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।