
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ২২:৫৪

বরিশালের সার্ভেয়ার এম মোতালেবের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে ভূক্তভোগীরা। শনিবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে দক্ষিন আলেকান্দা এলাকার বাসিন্দারা। মানবন্ধনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী অ্যাডভোকেট আবুল খায়ের মো. সফিউল্লাহ, সৈয়দা ইসমাত সায়লা, বরকত হোসেন, জোহরা লাইজু, সাবের হোসেন বাবু।
মানববন্ধনে সাবেক এই সার্ভেয়ারকে ভূমিদস্যু উল্লেখ করে বক্তারা বলেন, অনিয়ম করে এ্যাংকর সিমেন্ট থেকে চাকুরিচ্যুত হওয়া সার্ভেয়ার মোতালেব হোসেন জাল-জালিয়াতি করে পৈত্রিকসূত্রে পাওয়া জমিও তার নামে লিখে নিয়েছে। তার জাল-জালিয়াতির কারনে অনেক পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। বক্তারা, এই সার্ভেয়ারের বিরুদ্ধে দ্রুত আইনগত কঠোর ব্যবস্থা না নিলে আরো অনেক পরিবার পথে বসবে বলেও দাবি করেন। সেই সাথে অবৈধভাবে দখলচেষ্টা প্রতিহত করতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভূক্তিভোগী পরিবারগুলো।
মানববন্ধনে উপস্থিত থাকা ইসমাত সায়লা বলেন, আমার পিতার দেওয়া সম্পত্তি প্রতারণা করে ভূমিদস্যু মোতালেব জাল দলিল নিয়ে এসে দখলে নিচ্ছে। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। তারপরও সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছে। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সহযোগীতা পাচ্ছি না। ভুক্তভোগী জোহরা লাইজু বলেন, মোতালেব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের বাড়ি ছাড়তে বলেছে অন্যথায় আমার স্বামীকে খুন করার হুমকিও দিয়েছে প্রকাশ্যে। তার নির্যাতনের হাত থেকে আমরা বাঁচতে প্রশাসনের সহায়তা চাই।

প্রসঙ্গত, এর আগে মোতালেব হাওলাদারের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে লিখিত আবেদন করেন ইসমাত সায়লা নামে এক গৃহবধূ। এরপরপরই ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেন মোতালেব হাওলাদার। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছেন ওই নারী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এমএম মোতালেব হোসেন। তিনি বলেন, যারা এসব করছেন তারা আমার জমি দখলে নিতে ষড়যন্ত্র করছেন। তারা শুধু দুর্নীতি দমন কমিশন বা মানবন্ধন করেনি। বরং দেশের সকল দফতরে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করছেন।