
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১:১৭

ভারতীয় এক তরুণ পথ ভুল করে মোটরবাইক সহ বাংলাদেশের সোনাহাট স্থলবন্দর দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রবেশ করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে আটক করে। ভারতীয় ওই তরুণের নাম আবু সায়েদ। সে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বিজিবি সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দর দিয়ে এএফ১৭.এইচ২৮১৯ নম্বর প্লেট যুক্ত একটি মোটরবাইক নিয়ে আবু সায়েদ সরাসরি বাংলাদেশের সোনাহাট স্থলবন্দরের শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে।

পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ছবি সংগ্রহ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোনাহাট বিওপি কে জানায়। অপরদিকে সোনাহাট স্থলবন্দরের ভারতীয় অংশের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বিষয়টি অবহিত করে। এঘটনার পর স্থানীয়রা সোনাহাট স্থলবন্দর থেকে ভূরুঙ্গামারীগামী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় তরুণ আবু সায়েদকে আটক করে বিজিবির সোনাহাট বিওপিতে হস্তান্তর করে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম ভারতীয় তরুণ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় তরুণ আত্মীয়র বাসায় যাওয়ার সময় ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
