
প্রকাশ: ৯ নভেম্বর ২০২২, ২২:৪

শীতের শুরুতে দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে নতুন পাতা পেঁয়াজ। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পাতা পেঁয়াজ। বাজারে পেঁয়াজ ৩০-৩২ টাকা কেজি বিক্রি হলেও পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
বুধবার (০৯ নভেম্বর)হিলির সবজি বাজার ঘুরে নতুন পাতা পেঁয়াজসহ এমন চিত্র চোখে পড়ে। ৩ থেকে ৪ দিন ধরে বাজারে এসব পেঁয়াজ পাওয়া যাচ্ছে। জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে কৃষকেরা পাতা পেঁয়াজ হিলি বাজারে নিয়ে আসছেন। দাম ভালো এবং চাহিদা থাকায় কৃষকেরা জমি থেকে পাতাসহ পেঁয়াজ বাজারে আনছেন। পেঁয়াজপাতা দিয়ে বিভিন্ন সবজি রান্নাসহ চাটনি ও টেস্টি ভর্তা তৈরি করা হয়। তাই এর কদর অনেকটা বেশি।
হিলি বাজারে সবজি কিনতে আসা গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, বাজারে সবজি কিনতে এসে বছরের প্রথম পাতা পেঁয়াজ চোখে পড়লো। তাই ৪০ টাকা দিয়ে এক কেজি পাতা পেঁয়াজ নিলাম। পেঁয়াজ পাতা দিয়ে অনেক রকম তরকারি রান্না হয়। খেতেও অনেক স্বাদ।
আরেকজন ক্রেতা রফিকুল ইসলাম বলেন, পাতা পেঁয়াজ কিনলে আলাদা পেঁয়াজ কিনার প্রয়োজন হয় না। পাতার সাথে যে পেঁয়াজ থাকে সেই পেঁয়াজ দিয়েই সব রান্না হয়ে থাকে। তাই আজকে পেঁয়াজ না নিয়ে পাতা পেঁয়াজ কিনলাম। কারণ ভারতীয় পেঁয়াজ ৩০-৩২ টাকা কেজি আর পাতা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে কিনলাম।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, পার্শ্ববর্তী পাঁচাবিবি উপজেলার পেঁয়াজ চাষিরা আমাদের এই পাতা পেঁয়াজ দিয়ে যাচ্ছে। ৩২ থেকে ৩৪ টাকা কেজি হিসেবে পাইকারি কিনছি, তা খুচরা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। পাতা পেঁয়াজের চাহিদা থাকায় বেচা-কেনাও ভালো হচ্ছে।