
দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে নুর ইসলাম ওরফে বুলু নামে এক কলা ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টায় দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে লালদিঘী নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নুর ইসলাম ওরফে বুলু (৩৫) চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের গল্ডবপাড়ার আসাদুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নুর ইসলাম ওরফে বুলু ওই সময় বাইসাইকেল যোগে চিরিরবন্দর থেকে বেলতলীবাজারের দিকে আসছিল। এসময় পার্বতীপুর থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগামী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কলা ব্যবসায়ী নুর ইসলাম ওরফে বুলু ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করে।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।