
প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১৫:৫৯

চলে গেলেন গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর। একুশে পদকপ্রাপ্ত গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শিল্পীর মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘এ দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ করে গণসঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। গণসঙ্গীতের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শুক্রবার (২৩ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব। মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।
গত ১৪ জুলাই ফকির আলমগীরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এর একদিন পর ১৫ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। করোনায় তার ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত হয়।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন ফকির আলমগীর। এর আগে, ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখেন তিনি। স্বাধীনতার পর পপ ঘরানার গানে যুক্ত হন ফকির আলমগীর। সংগীতে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি একুশে পদকে সম্মানিত হন।