প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৭:১০

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই।
উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট। এরপর পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপদ অবতরণের প্রস্তুতি শুরু হয়।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাসের জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে চক্কর দেয়।
চক্কর দেওয়ার সময় উড়োজাহাজটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্যে জানা গেছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে উড়োজাহাজটিকে ঢাকায় অবতরণের জন্য আনা হয়।

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল।
এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়। জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়েছিল।

পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
উড়োজাহাজটির চাকা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হলেও জরুরি অবতরণের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।