
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০
দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকদের সংগঠন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের পদ্মার ইলিশের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে এ আবেদন জানানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন তারা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার পর থেকেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা।
সংগঠনটির দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। তবে মাত্র এক মাসের এই বিশেষ অনুমতি ব্যবসায়িকভাবে প্রত্যাশিত ফল বয়ে আনছে না বলে মনে করছেন ভারতীয় আমদানিকারকরা।
চিঠিতে দুই বাংলার অভিন্ন ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশের আলাদা জনপ্রিয়তা রয়েছে বলে উল্লেখ করা হয়।

আমদানিকারকরা বলেন, দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরাতেও বাংলাদেশের ইলিশের চাহিদা বেড়ে যায়। এ কারণে উৎসবের মৌসুমে নিয়মিতভাবে ইলিশ আমদানির সুযোগ তৈরি হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন।
তারা বাংলাদেশের সরকারের কাছে ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে উৎসবকেন্দ্রিক সীমিত সময়ের পরিবর্তে দীর্ঘমেয়াদি রপ্তানি ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হলে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবে এবং এ জন্য তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে।