সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবছরের সামগ্রিক চিত্রেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় আসার গতি বেশি রয়েছে।