
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০:৩৮

গৃহিনীকে কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষনের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল বাশার (৪৭) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টায় জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
গ্রেফতার এসআই মোঃ আবুল বাশার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর এলাকার আঃ জলিল খানের ছেলে।
আর মামলা দায়েরকারি ভূক্তভোগী ওই নারী (৩৭) বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের ইছাকাঠী এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া ওই মলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৫ অক্টোবর ভিকটিম ওই নারী একটি অভিযোগের বিষয়ে আলাপ করতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল বাশারের নিকট থানায় আসেন। তার সাথে কথা বলার সময় উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল বাশারের সাথে কথা হয় এবং মোবাইল নম্বর আদান-প্রদান হয়। এর কয়েকদিন পরে ১৩ অক্টোবর বিকেলে এসআই মোঃ আবুল বাশারকে অন্য একটি মামলার জন্য ফোন দেন ভিকটিম ওই গৃহিনী।

এসময় ভিকটিমের অবস্থান জানতে চায় এসআই মোঃ আবুল বাশার। অবস্থান জানালে আবুল বাশার সেখানে যান এবং তার অফিসিয়াল রুমে নিয়ে যাওয়ার কথা বলে।
আর এ কথা বলে ভিকটিমকে ১৩ অক্টোবর বিকেল ৪ টার দিকে বরিশাল নগরের প্যারারা রোডস্থ হোটেল আলভি আবাসিকের ২০৪ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে কথাবার্তার এক পর্যায়ে এসআই মোঃ আবুল বাশার ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।পরে বিকেল ৫ টার দিকে হোটেল থেকে ভিকটিম বের হয়ে আসে এবং নিকট আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে থানা পুলিশের দারস্থ হন।
এদিকে কোতোয়ালি মডেল থানাধীন স্টীমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজীর অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সেইসাথে মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্তও হয়েছিলেন।
অপরদিকে এসআই মোঃ আবুল বাশারকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবেও বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম (বার)।