দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া মাহালী পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের জমি জবরদখলচেষ্টা ও হামলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন দেলোয়ার হোসেন (৩৫), মনিরুল ইসলাম (৩০), আবুল কালাম (৫০), মিজানুর রহমান (৭৪), মোস্তাফিজুর রহমান (২৮), নাসির উদ্দিন (৩২), জালাল উদ্দিন (৩৮) ও হারুনর রশিদ (৪২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের মাহালী পাড়ার বাসিন্দা মঙ্গল সরেন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত ৪৬ শতক জমি ভোগদখল করে আসছিলেন। তবে গত দুই বছর ধরে দেলোয়ার হোসেন ওই জমির ১৩ শতক নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।
এর ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টার দিকে দেলোয়ারের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে। তারা বেড়া দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করলে মঙ্গল সরেনের পরিবার বাধা দেয়। একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মঙ্গল সরেনের নাতি রাজেন সরেন গুরুতর আহত হন। মঙ্গল সরেনের স্ত্রী স্মৃতি মুর্মুর হাত ভেঙে যায় এবং নাতনি সুচরিতা সরেন মাথায় আঘাত পান।
পরে ৯৯৯-এ ফোন করা হলে ওসি আব্দুল কুদ্দুসের নির্দেশে এসআই ডেভিড বর্মনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।
মঙ্গল সরেন বাদী হয়ে দেলোয়ারসহ নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওসি জানান, বাকি আসামিদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।