রাস্তায় যারা এখন আন্দোলন করছে, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পোশাক শ্রমিকদের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ—উভয় পক্ষই এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। এ খাতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাভার-আশুলিয়াসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের আন্দোলন ও কারখানা বন্ধ থাকার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো।