রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানের একটি বাসায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে হৃদয় ওরফে শিপনের সঙ্গে তার স্ত্রীর বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্ত্রীকে সমর্থন দিয়ে বিরোধ মেটানোর চেষ্টা করেন শাশুড়ি ফিরোজা। এ সময় ক্ষিপ্ত হয়ে শিপন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলা চালান।
গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করা হলেও তারা মারা যান। ঘটনাস্থলেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় ওরফে শিপনকে গ্রেপ্তার করে।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ি মেয়ের পক্ষ নেওয়ায় অভিযুক্ত তাদের দুজনকে ছুরিকাঘাত করেন।
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে।