কুমিল্লার দেবীদ্বারে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। একই সঙ্গে জুলাই গণ-আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকা হয়ে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, সাবেক ছাত্রনেতা ও গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করতে নবগঠিত কুমিল্লা উত্তর জেলা ও দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে আরও বলা হয়, অন্য দল থেকে আসা বিতর্কিত ব্যক্তিদের বিএনপিতে স্থান দেওয়া হবে না। একই সঙ্গে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না বলেও নেতারা ঘোষণা দেন।
এ সময় জুলাই গণ-আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগ স্মরণ করে তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।