পারিবারিক বিরোধে সরকারি খাল ভরাট করে তৈরী করা চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায়, ৪০ টি পরিবার অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি ও শেখ বাড়ির পরিবারগুলোর পারিবারিক বিরোধের জেরে ধরে।
স্থানীয়রা জানান, পৈরাংকুল গ্রামের দক্ষিণপাড়া ফকির বাড়ি থেকে শেখবাড়ি হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত খাল ভরাট করে প্রায় ২৫/৩০ ফুট প্রশস্ত ও দৈর্ঘ্যে প্রায় ৫ শত ফুট রাস্তার এক পাশে বাঁশের ঝাটা, কাঁটা, ইটের বেড়া দিয়ে এবং অপর পাশে আবাসন নির্মাণ করে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে শেখ বাড়িরলোকজন।
ওই ঘটনায় ভুক্তভোগীরা সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। এর আগে ইউনিয়ন তহশীল অফিসে এবং ইউপি চেয়ারম্যান বরাবরে আবেদন করেও তারা কোন প্রতিকার পাননি বলে জানায়।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সরেজমিনে ওই গ্রামে যেয়ে স্থানীয়দের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
স্থানীয়রা আরও জানায়, প্রায় ২০০ বছর ধরে এলাকার লোকজন এখানে বসতি স্থাপন করে বসবাস করে আসছেন। বিতর্কী সড়কের জায়গাটিতে একটি খাল ছিল, প্রায় শত বছর আগ থেকেই ওই খালে নৌকা দিয়ে যাতায়ত করত। খালের দু’পার দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাচল করত। প্রায় ২০/২২ বছর পূর্বে এ খালটি ভরাট করে স্থানীয় কেন্দ্রীয় মসজিদ ও কুমিল্লা-সিলেট অঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক কালিকাপুর- বড়শালঘর সড়কের সাথে সংযুক্ত হয়। এ সড়কে ফকির বাড়ি ও শেখ বাড়িসহ অন্যান্য এলাকার লোকজন এ সড়কটি মসজিদ ও সংযোগ সড়কে যাতায়তে ব্যাবহার করতো।
শেখ বাড়ির সায়েদ আলী শেখ(৭৫), বাদশা মিয়া(৬৫), শেখ মো.সাইফুল ইসলাম (২৪)সহ কয়েকজন নারী বলেন, আমরা এ জমি সরকার থেকে লিজ এনে প্রচুর অর্থ ব্যয় করে খাল ভরাটে মালিক হয়েছি। বাড়ির উপর দিয়ে যাতায়ত নিরাপত্তা বিঘ্ন এবং রিক্সা, ভ্যান, গাড়ি চলাচলে রাস্তা নষ্ট, নারীদের পর্দার সমস্যা হয়। শুধু তাই নয়, আমাদের লিজের জায়গায় ঘর উঠাতে গেলে ওরা ঘরের পালা উপড়ে ফেলে দেয়। ওদের নানাভাবে অত্যাচারে আমরা অতিষ্ট। তাই তাদের ভিন্ন সড়কে যাতায়াত করতে অনুরোধ করেছি।
ফকির বাড়ির ইমাম উদ্দিন ফকির(৫৫) ও প্রবাসী মো. জহিরুল ইসলাম জানান, আমাদের চলাচলের রাস্তাটি তাঁরা তাদের বাড়ির ভিতর দিয়ে দেয়। এবং তাঁরা কৌশলে রাতের আধারে রাস্তায় ঘরবাড়ি তৈরি করে নেয়। আমরা বাঁধা দিলে তাঁরা বলেন কোন সমস্যা নেই আমাদের বাড়ির ভেতর দিয়ে চলাচল করুন। আমরা তখন তাদের কৌশল বুঝি নাই, কিছুদিন পর তারা রাস্তা বন্ধ করে দেয়। এমতাবস্থায় আমরা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক ব্যক্তিদের দ্বারস্থ হলে তারা সমাজ বয়কট করে। তাঁরা কাউকে গণ্য করে না, আমরা চলাচলের রাস্তা ফিরে পেতে চাই।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী সহকারী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) শেখ মোহাম্মদ সেলিম জানান, প্রায় দুইশত বছর পূর্বে আমার বাপ-দারারা এখানে বাড়ি করেছেন। প্রত্যেকটা বাড়ির পাশেই খাসজমি বিদ্যমান। আমাদের বাড়ির মাঝখান দিয়ে একটি খাল ভরাট করে বাড়ির সাথে যুক্ত করেছি। আইনসিদ্ধ করতে লীজের জন্য আবেদন করেছি। প্রতিবেশীরা বাড়ির উপর দিয়ে যাতায়ত করলে নারীদের পর্দার নিরাপত্তা থাকেনা। তাই রাস্তা বন্ধ করেছি। এ ছাড়া মসজিদে যাতায়তের জন্য বাড়ির পশ্চিম পাশে তাঁদের নিজস্ব জায়গা দিয়ে রাস্তা বানিয়ে চলাচল করতে পারে।
এবিষয়ে মঙ্গলবার বিকেলে দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, অভিযোগ হাতে পেয়েছি। আগামীকাল তদন্তে যাব, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।