বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলাটি করা হয়েছে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায়। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী নিজেই চার আসামির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ২০ মে জিসান মিয়া দাউদকান্দিতে তার ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে যান এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হলে তাকে ওষুধ প্রয়োগের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। পরে বিয়ের দাবি জানালে জিসান প্রথমে সম্মতি দিলেও পরবর্তীতে বিষয়টি এড়িয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।