
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২২, ০:১৬

দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান মৃত বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন (৭২) এর জানাজা নামাজ ও দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) বাদ জোহর হিলি রাজধানী মোড়ে রাষ্ট্রীয় মর্যাদায় ( গার্ড অব অনার) ও জানাজার নামাজ শেষে বাংলাহিলি কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় তাকে শায়িত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধানের সময় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ নুর-এ-আলম, থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, আশরাফ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত জহির উদ্দিন একজন প্রথম শ্রেণীর মুক্তিযোদ্ধা ছিলেন। নিজ দেশকে পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত করতে সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করেন তিনি। ১৯৭১ মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে তিনি ভারতের তরঙ্গ এলাকার ৭ সেক্টরের সেক্টর কমান্ডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে যুদ্ধে অংশ গ্রহণ করেন।
তিনি আরও বলেন, মৃত্যু কালিন সময়ে বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন দুই পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানসহ আত্মীয়সজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর দুই সন্তান রবিউল ইসলাম ও জাহিদ হাসান দুই জনই বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য এবং তারা বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন (৭২) বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।