
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ২৩:৬

শেরপুরে ১০ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত এক ট্রাক পলিথিন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ৩১ জুলাই শনিবার দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে এক ট্রাক নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাক আটক করে।
জব্দ কৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এতে জড়িত সন্দেহে ট্রাকচালক বাবুল মিয়াকে আটক করা হয়েছে।
এনএসআই ও পুলিশ সূত্রে জানা গেছে, পুরান ঢাকা থেকে ট্রাক বোঝাই করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শেরপুরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে এনএসআই’র শেরপুরের কর্মকর্তারা ঢাকা-শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি (নম্বর: ঢাকা মেট্রো-ট-২০-১৬১২) আটক করেন।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান, ডিএম সাদিক আল শাফিনের নির্দেশে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ১০ মেট্রিক টন পলিথিন রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন।
এদিকে আটক ট্রাকচালক বাবুল মিয়া জানান, জব্দকৃত পলিথিন পুরাতন ঢাকার লালবাগ থেকে শেরপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলম ট্রেডার্সের নামে আনা হচ্ছিল, যার স্বত্বাধিকারী রায়হান নামে এক ব্যক্তি।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ বলেন, জব্দকৃত পলিথিন ও ট্রাকসহ আটক চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় পরিবেশ অধিদপ্তরের তরফ থেকে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।