প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০:৪

কুমিল্লার দেবীদ্বারে জমি দখল, গাছপালা কেটে ফেলা, রাতের আঁধারে ঘর নির্মাণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. কবির হোসেন নামে এক ব্যক্তি। নিজের জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ বাজার মসজিদ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কবির হোসেন তাঁর জমি দখলের চেষ্টা ও প্রতিপক্ষের হুমকির বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
কবির হোসেন জানান, জাফরগঞ্জ ইউনিয়নের খয়বাদ গ্রামে চাচাতো ভাইদের কাছ থেকে বিভিন্ন দাগে পাঁচ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন তিনি। জমিটিতে গাছপালা ও চারা লাগিয়ে বনায়নও করেছিলেন।
তাঁর অভিযোগ, গত ১০ অক্টোবর প্রতিবেশী বিল্লাল গাজী, এনামুল হক মামুন ও রুবেল গাজী কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই জমির প্রায় ২০টি গাছ ও গাছের চারা উপড়ে নষ্ট করেন। পরে রাতের আঁধারে সেখানে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করা হয়।
কবির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর দাবি, পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ নিজেদের ঘরবাড়ি নিজেরাই কুপিয়ে তাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালায়। পাশাপাশি বাড়িতে গেলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের অবহিত করার পাশাপাশি দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান কবির হোসেন। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে কবির হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট দেবীদ্বার নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগও তোলেন। তাঁর দাবি, ওই ঘটনায় রুবেল গাজীকে অস্ত্র হাতে দেখা গিয়েছিল এবং ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নিজের জমি ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন কবির হোসেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মো. মনিরুজ্জামান, মো. রাশেদুল ইসলাম সোহেল, মো. মনিরুল ইসলাম ও মো. ওমর ফারুকসহ অন্যরা।