
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০:৪৬

টাঙ্গাইলে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের দরুন ও রাবনা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস আলী জানান, শুক্রবার ভোররাতে একটি আম ভর্তি ছোট ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ওই ট্রাকের ড্রাইভার আহাদ (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হেলপার মোমিনকে (৩০) উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলায়।
এদিকে দুপুরে রাবনা এলাকায় একটি প্রাইভেটকার রাস্তার পাশে দাড়ানো সামনের একটি ছোট ট্রাককে পেছন থেকে আঘাত করে। এতে প্রাইভেটকারের চালক মো. আলম (২৫) নিহত হয়। আলমের বাড়ি ঢাকার মিরপুরে। এ ঘটনায় আহত হয় প্রাইভেটকারে থাকা আরো চারজন।

তারা হলেন, নাটোরের সিংড়া উপজেলার জসিম উদ্দিনের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (২৪) এবং আব্দুল হক কাজীর স্ত্রী রোকেয়া বেগম (৫০), অপর দুইজন হলেন, চাপাইনবাবগঞ্জের আছাদ (১৮) ও আজিম (২৭)। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো।
