
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২৩:২৯

কুষ্টিয়া-ঝিনাইদহ মহসড়কের মধুপুর কলার হাট এলাকায় সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে দুজন মোটরসাইকেল আরোহী ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় আসছিলেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর কলার হাট এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এনামুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিউল আজমকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহত শিক্ষক শফিউল আজম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরের খয়েরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। নিহত এনামুল পার্শবর্তী চরপাড়া গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে।
শিক্ষক শফিউলের ভায়রা স্বপন জানান, মাকে দেখার জন্য শফিউল তার মামাতো ভাই এনামুলের সঙ্গে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিলেন।