সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। হতাহত ব্যক্তিদের সবার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কনস্যুলেটের তথ্য অনুযায়ী, নিহতরা তিন পরিবারের সদস্য। তিন পরিবারপ্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। কোম্পানিটির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেট কর্মকর্তাদের জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে প্রতিষ্ঠানের চার কর্মী ও তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াসির ও ইয়াযান এবং মেয়ে বুশরা রয়েছেন। তাঁর স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। একই দুর্ঘটনায় আলম শাহ তাঁর স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়াকে হারিয়েছেন। আলম শাহ ও তাঁর ছেলে ফয়সাল চিকিৎসাধীন। আহত ইলিয়াসের স্ত্রী আফসানা বিবিও নিহত হয়েছেন। আহত অন্যজন গফুর আলম।
নিহতদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতাল ও খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে নিয়ে খোলাইস ট্রাফিক অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।