
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া এই ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছায়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। কফিনগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহতদের স্বজনদের পাশে দাঁড়াতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
দূতাবাস সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় আগুনের ঘটনায় ১৬ বাংলাদেশি কর্মী প্রাণ হারান। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয় বলে জানানো হয়েছে।
নিহতদের মরদেহের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রথম দফায় তাদের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী, সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।
অন্য দুজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়। তারা হলেন নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং বাগমারার মরুগ্রামের শ্যামল উদ্দিন। মরদেহগুলো নিজ নিজ এলাকায় নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন স্বজনেরা।
পরিবারের অভাব দূর করার প্রত্যাশায় বিদেশে যাওয়া এসব কর্মীর আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সৌদিতে থাকা বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।