স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। বিষয়টি সংশ্লিষ্টদের পাঠানো ইসির চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক আলোচনা করা হবে।
বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ডাক বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিও এ বৈঠকের আলোচনায় থাকবে। এর আগে ইসি জানিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে সময়সূচি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মতামত নেওয়া হবে।
অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর নির্ধারিত হয়েছে। এ আসনের তফসিল ১০ সেপ্টেম্বর ঘোষণা করে ইসি।