রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদীর দূষণ রোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, শিল্পকারখানা থেকে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এই নির্দেশনা বাস্তবায়ন করবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নদীর পরিবেশ ও পানির মান রক্ষায় সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নদীদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।