জাতীয় সংসদ অধিবেশনে রোববার (২১ জুন) হঠাৎ দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। বিষয়টি নিয়ে সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
অধিবেশন চলাকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। মন্ত্রীর বক্তব্য শেষ না হতেই হান্নান মাসুদ দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কথা বলার সুযোগ চান। তখন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে বসতে বলেন।
ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।” তিনি আরও বলেন, সংসদে কথা বলার নির্ধারিত নিয়ম রয়েছে এবং সদস্যরা যখন ফ্লোর পান তখনই বক্তব্য দিতে পারেন।
একাধিকবার তাকে বসতে বলা হলেও হান্নান মাসুদ দাঁড়িয়ে থাকেন এবং বক্তব্য দেওয়ার সুযোগ দাবি করেন। এ সময় তিনি স্পিকারের উদ্দেশে বারবার কথা বলার অনুমতি চান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার পুনরায় বলেন, “হান্নান মাসুদ এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।”
এরপরও তিনি না বসে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুই হাত উঁচিয়ে কিছু সময় উচ্চস্বরে কথা বলতে থাকেন, যা সংসদে উত্তেজনা সৃষ্টি করে। পরে সংসদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এ ঘটনার পর সংসদের বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বক্তব্য প্রদান করেন।