আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদে দীর্ঘ সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, সমুদ্র ও স্থলবন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবাসহ জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।
এছাড়া চিকিৎসাসেবা চালু রাখতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সংশ্লিষ্ট যানবাহনও স্বাভাবিক কার্যক্রম চালু রাখবে।
ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।