নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে, ফলে নির্বাচনী ইশতেহার এখন জনগণের প্রত্যাশার প্রতিফলন।
শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
তারেক রহমান বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। নির্বাচনের অভিজ্ঞতা সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারের সফলতা অনেকাংশেই দলের তৃণমূল পর্যায়ের সক্রিয় সহযোগিতার ওপর নির্ভর করবে। দল ঐক্যবদ্ধ থাকলে সরকারের লক্ষ্য অর্জন সহজ হবে।
দুপুর পৌনে ১২টার দিকে সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক। সভায় দলীয় শৃঙ্খলা জোরদার, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, স্থানীয় পর্যায়ের অন্তঃকোন্দল নিরসন এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেন।
এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
সভা থেকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ঐক্য, দায়িত্বশীল নেতৃত্ব ও সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।