সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী প্রক্রিয়া। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। বিরোধীদলের সঙ্গে মতপার্থক্য থাকলেও তা মূলত সংশোধনের পদ্ধতি নির্ধারণকে কেন্দ্র করেই সীমাবদ্ধ রয়েছে বলে জানান তিনি। খুব শিগগিরই এ বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, যা প্রমাণ করে রাষ্ট্র পরিচালনায় কেউই জবাবদিহিতার বাইরে নন।
কর্মসংস্থান প্রসঙ্গে নুরুল ইসলাম মনি জানান, সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধানে কাজ করছে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে। কর্মমুখী শিক্ষাব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে দক্ষ করে তোলার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী প্রসঙ্গে চিফ হুইপ অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার বাহিনীকে রাজনীতিকরণ করেছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের সংবাদই সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবর গুরুত্ব পেলেও তেলবাহী জাহাজ বন্দরে আসার খবর যথাযথ গুরুত্ব পায়নি।