ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই শেষে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হবে, তারা ২৬ এপ্রিল থেকে আপিল করতে পারবেন এবং আপিলের শুনানি ও নিষ্পত্তি সম্পন্ন হবে ২৭ ও ২৮ এপ্রিল।
ইসি সচিব জানান, ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আসন বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদের সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে বিএনপি ও তাদের জোট পেয়েছে ৩৬টি সংরক্ষিত নারী আসন। জামায়াত-এনসিপি জোট পেয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র সদস্যদের জন্য নির্ধারিত হয়েছে ৬টি আসন। এছাড়া বিএনপির নেত্রী রুমিন ফারহানা কোনো জোটের অধীনে থাকবেন না বলেও জানান ইসি সচিব।
আইন অনুযায়ী, সাধারণ আসনের নির্বাচনের সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ হওয়ায় নির্বাচন আয়োজনের সময়সীমা রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করতে কমিশন দ্রুত কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।