আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমান সরকার হজ পালনের ব্যয় কমাতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা।
জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ ব্যবস্থাপনার অধিকাংশ কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাংলাদেশ ও সৌদি আরব পর্বের বিভিন্ন ব্যয় পরিশোধ করা হয়েছে এবং সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ধাপে ধাপে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে গমন করবেন। হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
হজ ব্যয় কমানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হজ ২০২৭ সালের প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা, চাহিদা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।