
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১:২৮

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর গুলির ঘটনায় শিগগিরই মামলা করা হবে। এতে পুলিশ ও রাষ্ট্রের অনেক শীর্ষ ব্যক্তিদের নাম আসতে পারে। নির্দেশদাতা হিসেবে মামলার আসামি হতে পারেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গুলি ও হত্যাকাণ্ডে দোষী পুলিশ কর্মকর্তা এবং নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অন্যতম দাবি। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, দায়িত্ব নিয়েই নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছেন। অনেক পুলিশ সদস্য নিজ উদ্যোগে তথ্য দেওয়া শুরু করেছেন। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার সদস্যরা এ বিষয়ে মুখ খুলছেন।

সূত্র জানায়, ৫ আগস্ট সরকার পতনের দিন রাতে সারাদেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। হামলা হয় বিভিন্ন থানায়। ঢাকার থানাগুলোও বাদ যায়নি। রাজধানীর খিলক্ষেত, আদাবর, যাত্রাবাড়ী, বংশাল, লালবাগ, সূত্রাপুর, উত্তরখানসহ মোট ১০টি থানার সব পুলিশ সদস্য এ সময় মৃত্যুঝুঁকিতে ছিলেন। দুর্বৃত্তদের সঙ্গে প্রায় ৫-৬ ঘণ্টা গোলাগুলির পর মধ্যরাতে রাজারবাগে গিয়ে আশ্রয় নেন তারা। এসব থানার পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ। তাই তারা আগ্রহী হয়ে গুলির নির্দেশদাতাদের বিরুদ্ধে তথ্য দিচ্ছেন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, আন্দোলন দমনে নির্দেশদাতাদের বিষয়ে আমরা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে যাচ্ছি। অপারেশন লেভেলের অর্থাৎ এসপি বা ডিআইজি পদের অনেক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে, নিম্নস্তরের অনেকের সঙ্গে কথা হচ্ছে। তারা তাদেরকে দেওয়া নির্দেশনাগুলোর বিষয়ে আমাদের জানাচ্ছেন। সেই অনুযায়ী মামলা প্রস্তুত করা হবে।
তিনি আরও জানান, তদন্তে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশদাতাদের বিষয়ে জানা গেছে। তাদের নির্দেশনাগুলো কতটুকু যৌক্তিক ছিল, বিষয়গুলো বিবেচনায় নিয়ে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হবে।