কুড়িগ্রামের উলিপুরে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নুরনেছা বেগম। ঘটনাটি ঘটেছে, রোববার দুপুরে উপজেলার আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল) নামের এক স্থানীয় ক্লিনিকে।
মা নুরনেছা সন্তানসহ সুস্থ থাকলেও নবজাতকদের ওজন কম হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেছেন বলে জানান ডাঃ শারমিন বেগম। ওই গৃহবধূ চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকার ফরহাদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে। প্রসূতির প্রথম সন্তান স্বাভাবিক ভাবে হলেও দ্বিতীয় সন্তান সিজারিয়ানের মাধ্যমে হয়। সিজারিয়ান হওয়ার পরেও
ডাঃ শারমিন বেগমের সহযোগিতায় নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম দেন নুরনেছা বেগম। তার স্বামী ফরহাদ হোসেন ঢাকার একটি পোষাক কারখানায় চাকরি করেন।
প্রসূতি নুরনেছার আত্মীয় সূত্রে জানা গেছে, নুরনেছার হঠাৎ প্রসব ব্যথা উঠলে তাক উলিপুর উপজেলার আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে স্বাভাবিকভাবেই তিন সন্তান হয়েছে। তিন সন্তানের মধ্যে দুইজন ছেলে একজন মেয়ে। তাদের ওজন খুবই কম হওয়ায় ডাঃ শারমিন বেগম তাকে ও সন্তানদের কুড়িগ্রাম সদর হাসপাতালে শিশু বিভাগে প্রেরন করেছেন।
অভিজ্ঞ সার্জন ডাঃ শারমিন বেগমের তত্ত্বাবধানে ও নার্সদের সহযোগিতায় স্বাভাবিকভাবে তিন সন্তান নরমাল ডেলিভারিতে জন্মে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সার্জন ডাঃ শারমিন বেগম জানান, পূর্বে সিজারিয়ান অপারেশন হওয়ার পরও স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম একটি জটিল ও ঝুঁকিপূর্ণ বিষয়। তিন নবজাতকের স্বাভাবিকের তুলনায় ওজন অনেকটাই কম হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।