
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৭:৩৭

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে।
সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন।
অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে পর্যালোচনার আওতায় এসেছে। সংসদের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করেছে।
একই সঙ্গে ১৫টি অধ্যাদেশ সংশোধন করে পাস করার সুপারিশ করা হয়েছে। বাকি অধ্যাদেশগুলোর মধ্যে কয়েকটি বাতিল এবং কিছু নতুন আকারে আরও শক্তিশালী করে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত পাঁচটি বিল সংসদে উত্থাপন করেন। এসব বিলও সর্বসম্মতিক্রমে পাস হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক খাত সংশ্লিষ্ট একাধিক বিল উত্থাপন করেন। এর মধ্যে আমানত সুরক্ষা, এক্সাইজ ও লবণ এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল উপস্থাপন করেন, যা সংসদে অনুমোদন পায়। একইভাবে সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী শিল্পকলা একাডেমী সংশোধন বিল পাসের প্রস্তাব দেন।

সামগ্রিকভাবে এসব বিল পাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল। এতে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।