গত জুন মাসের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ইউরোমোমো ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় পরিচালিত একটি পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলা তাপপ্রবাহের সময় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে এ প্রাণহানির ঘটনা ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে হিট-স্ট্রোক বা অতিরিক্ত গরমের কারণে হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায়।
ইউরোমোমোর কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, প্রচণ্ড তাপপ্রবাহই এসব মৃত্যুর প্রধান কারণ। তিনি জানান, বছরের এ সময়ে এত অল্প সময়ের মধ্যে এত বেশি মানুষের মৃত্যু স্বাভাবিক নয় এবং এটি অত্যন্ত উদ্বেগজনক।
প্রতিবেদনে কোন দেশে কতজনের মৃত্যু হয়েছে, তার নির্দিষ্ট হিসাব প্রকাশ করা না হলেও জানানো হয়েছে, মৃতদের বড় একটি অংশ ফ্রান্স ও বেলজিয়ামের বাসিন্দা।
সরকারি তথ্য অনুযায়ী, তাপপ্রবাহজনিত কারণে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে গত আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।