ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শিনহুয়া ও ডন বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
জানজানের আনসার আল-মাহদি কর্পসের বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার সময় ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ চলছিল। সেই সময় হঠাৎ অজ্ঞাত ধরনের একটি গোলাবারুদের বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা সবাই অভিজ্ঞ ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন। এই বাহিনী এর আগে ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় বলে দাবি করে তেহরান। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
সর্বশেষ এই বিস্ফোরণকে কেন্দ্র করে ইরানে নিরাপত্তা ঝুঁকি ও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।